Sylhet Today 24 PRINT

মুসলিম নিষিদ্ধে ট্রাম্পের নতুন আদেশ আসছে আগামী সপ্তাহে

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহেই তিনি অভিবাসন নিয়ে নতুন নির্বাহী আদেশ জারি করবেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ট্রাম্প বলেন, "ভ্রমণ-সংক্রান্ত নির্বাহী আদেশ পুনরায় কার্যকর করার জন্য আপিল করা হবে।"

আগামী সপ্তাহে নতুন নির্বাহী আদেশ প্রদানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "আমেরিকার মহান জনগণের জন্য নজিরবিহীন সব পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রকৃত কাজ আমরা শুরুই করিনি, যা শুরু হবে আগামী সপ্তাহে।"

চার মাসের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ স্থগিত করে গত ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে তিন মাসের জন্য সাতটি মুসলিম প্রধান দেশ- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ট্রাম্পের এ আদেশ চ্যালেঞ্জ করা হলে সিয়াটলের একটি আদালত নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। পরে ট্রাম্প প্রশাসন আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত সপ্তাহে ফেডারেল আপিল কোর্টের তিন বিচারকের প্যানেলও তা খারিজ করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.