Sylhet Today 24 PRINT

সেরা মার্কিন প্রেসিডেন্টের তালিকায় ওবামা ১২তম

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে নেতৃত্ব দিয়েছেন ৪৩ জন প্রেসিডেন্ট। সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস ছেড়ে গেছেন বারাক ওবামা। দুই মেয়াদে ৮ বছরের শাসনকালে ওবামা যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তেমনই বিতর্কের জন্মও দিয়েছেন তিনি। কিন্তু প্রেসিডেন্সিয়াল ঐতিহাসিকদের চোখে বেশ ভালোই ছিলেন সাবেক এ প্রেসিডেন্ট।

শুক্রবার প্রকাশিত নতুন সি-স্প্যান জরিপে সর্বকালের সেরা প্রেসিডেন্টের তালিকায় বারাক ওবামাকে ১২তম স্থানে রেখেছেন ঐতিহাসিকরা।

ওবামার হোয়াইট হাউস ছাড়ার এক মাসও হয়নি। এরই মধ্যে শান্তিতে নোবেলজয়ী ওবামা তার কাজের স্বীকৃতি পেলেন। এই মার্কিন প্রেসিডেন্ট দুইটি ক্যাটাগরিতে সাবেকদের চেয়ে বেশ বড় সফলতার সাক্ষর রেখেছেন। ‘সবার জন্য সমান বিচার’ ও ‘নৈতিক কর্তৃত্ব’ ক্যাটাগরিতে যথাক্রমে তৃতীয় ও সপ্তমে হয়েছেন ওবামা। ‘অর্থনৈতিক ব্যবস্থাপনা’ ক্যাটাগরিতে শীর্ষ দশ র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছেন ৪৪তম প্রেসিডেন্ট।

তবে প্রেসিডেন্সি ও কংগ্রেসের সম্পর্কের জায়গায় বেশ নিচের দিকে ওবামা। হাউস অব রিপ্রেসেন্টেটিভস ও সিনেটে তার ডেমোক্রেটিক দলের সংখ্যাগরিষ্ঠতা বেশ কমেছে। ‘কংগ্রেসের সঙ্গে সম্পর্ক’ ক্যাটাগরিতে ৩৯তম হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

২০০০ ও ২০০৯ সালের পর প্রথম জরিপে নেতৃত্বের ১০টি গুণ বিবেচনায় এনে সাবেক ৪৩ প্রেসিডেন্টের র‌্যাংকিং করেছেন ৯১ জন প্রেসিডেন্সিয়াল ঐতিহাসিক। আর এ র‌্যাংকিংয়ে ওবামার অবস্থান নিয়ে রাইস ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ডগলাস ব্রিঙ্কলে বলেন, ‘প্রথমবারেই ১২ নম্বরে এসেছেন ওবামা, এটা সত্যিই দারুণ।’

আবারও সেরা তিন প্রেসিডেন্ট হয়েছেন আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন ও ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্টের তালিকায় আছেন এন্ড্রু জনসন, ফ্রাঙ্কলিন পিয়ের্স ও জেমস বুকানন; মাত্র এক মাস দায়িত্ব পালন করা উইলিয়ামস হেনরি হ্যারিসনেরও নিচে তারা তিনজন। সূত্র : পলিটিকো নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.