Sylhet Today 24 PRINT

\'হোয়াইট হাউজ করেসপনডেন্ট ডিনার\' বর্জনের ঘোষণা দিলেন ট্রাম্প

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এ বছর হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজেও যোগ দেবেন না। কিছু মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক যখন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ঠিক সেই সময়ে ট্রাম্প নতুন এই ঘোষণা দিলেন।

শুক্রবার বিবিসি, সিএনএন এবং নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি মিডিয়ার প্রতিনিধিদের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি।

এরপর ট্রাম্প জানিয়েছেন, সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ বর্জনের ঘোষণা। প্রায় শত বছর ধরে সাংবাদিকদের অ্যাসোসিয়েশন এপ্রিল মাসে ওই অনুষ্ঠানের আয়োজন করে আসছে- যেখানে রাষ্ট্রের প্রধানরা যোগ দেন এবং হালকা মেজাজে কথাবার্তা বলে থাকেন।

এদিকে টুইটে তিনি বলেন, ‘এবছর হোয়াইট হাউজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশনের সান্ধ্যভোজে অংশ নিচ্ছি না। তবে সবার মঙ্গল কামনা করছি। দুর্দান্ত একটি সন্ধ্যা কাটবে বলেই বিশ্বাস।’

অন্যদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্রের প্রেস ব্রিফিং থেকে সাংবাদিকদের বাদ দেওয়ার এই ঘটনা উদ্বেগ তৈরি করেছে। প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউস মিথ্যা খবর ছড়ানো চলতে দিতে পারে না। সেজন্য এই সিদ্ধান্ত। অন্যদিকে হোয়াইট হাউসের এই পদক্ষেপের প্রতিবাদে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেন।

নিউইয়র্ক টাইমস এবং সিএনএন এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে মার্কিন সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতার কথা সরকার মনে করিয়ে দিয়েছে। হোয়াইট হাউস সংবাদদাতাদের সংগঠন 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেফ মেসন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সিএনএন এবং নিউইয়র্ক টাইমসের ওপর হোয়াইট হাউস ক্ষুব্ধ বলেই তাদের সেখানে ঢুকতে না দেওয়ার কারণ কিনা? সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসারকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি তা অস্বীকার করেন।

তথ্যসূত্র : বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.