Sylhet Today 24 PRINT

সৌদি আরবে নারী কাউন্সিলের বৈঠকে নেই কোনো নারী!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৭

নারী কাউন্সিলের বৈঠকে, অথচ উপস্থিত ছিলেন না কোনো নারী! এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে সৌদি আরবের আল কাসিম প্রদেশের নারী কাউন্সিলের উদ্বোধনী সভায়।

শনিবার (১১ মার্চ) অনুষ্ঠিত বৈঠক শেষে প্রকাশিত ছবিতে দেখা যায়, সভার মঞ্চে ১৩ জন পুরুষ বসে আছেন। নারীরা অন্য আরেকটি কক্ষ থেকে ভিডিও লিংকের মাধ্যমে সভায় অংশ নিয়েছেন। এই ছবিটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

নারী কাউন্সিলের উদ্যোক্তা আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ বেলেন, কাসিম প্রদেশে নারীদের আমরা পুরুষের বোনের নজরে দেখি এবং নারীদের জন্য আরো সুযোগ সৃষ্টির জন্য দায়িত্ববোধ অনুভব করি।

নারী কাউন্সিলের চেয়ারম্যান হলেন প্রিন্স ফয়সালের স্ত্রী প্রিন্সেস আবির বিন্ত সালমান, যাকে ছবিতে দেখা যায়নি।

সৌদি আরবে অপরিচিত নারী ও পুরুষের মেলামেশা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু দেশটির ভিশন-২০৩০ পরিকল্পনা অনুযায়ী এই নীতি কিছুটা শিথিল করা হচ্ছে। এই নীতি অনুসারে ২০৩০ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ২২ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে।

সূত্রঃ বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.