Sylhet Today 24 PRINT

ক্রেডিটকার্ড আকৃতির ক্ষুদে ইসিজি মেশিন উদ্ভাবন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ১৬ মার্চ, ২০১৭

ভারতের একদল বিজ্ঞানী ক্রেডিটকার্ড আকৃতির ক্ষুদে ইসিজি মেশিন উদ্ভাবন করেছেন।

এই ইসিজি মেশিন গ্রামীণ জনগণের হৃদরোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন উদ্ভাবনকারী বিজ্ঞানীরা।

ভারতে প্রতি ৩০ সেকেন্ডে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়ে থাকে। ভয়াবহ এই পরিসংখ্যান কমিয়ে আনতে সাহায্য করবে ক্ষুদে এই ইসিজি মেশিন।

শহরে হৃদরোগ নির্ণয়ের ভালো প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও গ্রামে তা নেই। এ ছাড়া অর্থের অভাবেও তারা ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কিন্তু ছোট ইসিজি মেশিনে হৃদযন্ত্রের অবস্থা নির্ণয় করে মোবাইল ফোনের মাধ্যমে সেই তথ্য-উপাত্ত বিশ্বের যেকোনো স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো যাবে। ফলে গ্রামের লোকজনও হৃদরোগ চিকিৎসায় সমান সুবিধা পাবে।

গ্রামীণ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে ছোট ও স্বল্প ব্যয়ের ইসিজি মেশিন উদ্ভাবন করা হলেও তা যেকোনো মানুষের কাজে আসতে পারে। ফলে এটি হবে বৈপ্লবিক মেশিন।

ভারতের ভাভা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা ক্রেডিটকার্ড আকৃতির এই ছোট টেলি-ইসিজি মেশিন উদ্ভাবন করেছেন। ইসিজি রিপোর্ট মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসকের কাছে পাঠানো যাবে।

প্রচলিত বাণিজ্যিক ইসিজি মেশিন ব্যয়বহুল, আকারে বেশ বড় ও ভারি। কিন্তু নতুন উদ্ভাবিত ১২ চ্যানেলের ইসিজি মেশিনে খরচ ১০ গুণ কম। মেশিনের দাম পড়বে মাত্র ৪ হাজার রুপি।

মেশিনটি মোবাইল চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। অর্থাৎ সহজে বহনযোগ্য মেশিনটি সবার পকেটে থাকতে পারে।

খবর: এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.