Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীর হামলা, হতাহত ১৪

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৭

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

সিনসিনাটি পুলিশ বিভাগ জানিয়েছে, রোববার (২৬ মার্চ) প্রথম প্রহরে নাইটক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে তারা হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত করছেন। তবে কাউকে হেফাজতে নেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি।

সিনসিনাটি শহরের পূর্ব অংশে 'কামেও' নামের একটি ক্লাবে এ হামলা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় কিছু গণমাধ্যমে বলা হয়েছে, হামলাকারী এখনো ধরা পড়েনি।

রোববার প্রথম প্রহরে গুলির শব্দ শোনার পর 'কামেও' ক্লাব কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। তবে আহতদের বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য দেয়নি।

কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর একটি নাইটক্লাবে এক সন্ত্রাসী হামলার নিহত হন ৪৯ জন, আহত হন ৫৩ জন। একটি ঘটনায় এত মানুষের প্রাণ যাওয়ার দিক থেকে ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পরই এটি ছিলো সবচেয়ে বড় ঘটনা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.