Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডেবি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৭

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডেবি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে কুইন্সল্যান্ডের বোয়েন ও এয়ারলি সৈকতের মাঝামাঝি এলাকা দিয়ে ক্যাটাগরি ঘণ্টায় ২৬৩ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে চার মাত্রার ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পৌঁছায় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সকাল থেকে ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টির মধ্যে উত্তর-পূর্ব উপকূলবর্তী দ্বীপগুলোর অন্তত ২৩ হাজার বাড়ি এরই মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্যও আসতে শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

২০১১ সালে কুইন্সল্যাণ্ডে ঘূর্ণিঝড় ইয়াসির তাণ্ডবের পর এটাই ওই অঞ্চলে আসা সবচেয়ে শক্তিশালী সাইক্লোন বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। এই পরিস্থিতিতে ২৫ হাজার মানুষকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে চেষ্টা করছে কর্তৃপক্ষ।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালাসে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, “আমাদের সামনে কঠিন একটি দিন। বাতাসের বেগ ক্রমশ বাড়বে। সবাইকে নিরাপদে আশ্রয় নিতে হবে।”

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, মূল ভূখণ্ডে আসার আগে ঘূর্ণিঝড়টি হুইটসানডে দ্বীপপুঞ্জে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে ঘরবাড়ির ছাদ উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ডেবির প্রভাবে দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলের নিচু এলাকা প্লাবিত হতে পারে। সেই সঙ্গে চলতে পারে ভারি বৃষ্টি।

স্থানীয় বাসিন্দারা ঘূর্ণিঝড়ের কারণে শুকনো খাবার ও জরুরি সামগ্রী মজুদ করতে শুরু করায় সুপার মার্কেটগুলো প্রায় খালি হয়ে গেছে। কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ ১০২টি স্কুল, ৮১টি শিশু নিকেতন এবং দুটি বন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.