Sylhet Today 24 PRINT

গুজরাটে গরু জবাই করলে যাবজ্জীবন দণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৭

গরু জবাইকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে ভারতের গুজরাট রাজ্যে নতুন একটি আইন পাস হয়েছে। এই আইনের আওতায় গরু জবাই করার অপরাধে কারো পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

গরুর মাংস পরিবহন করার অপরাধে ১০ বছরের কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে এই আইনটিতে। এই বিষয়ে ভারতে এখন পর্যন্ত এটাই সবচেয়ে কঠোর আইন।

নতুন এই আইনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই অপরাধে কাউকে গ্রেপ্তার করা হলে তাকে জামিনও দেওয়া হবে না।

এই অপরাধের জন্যে জরিমানারও বিধান রাখা হয়েছে। এই জরিমানা ৫০ হাজার থেকে এক লাখ রুপি।

এর আগ পর্যন্ত সাত বছরের কারাদণ্ডের বিধান ছিলো। কিন্তু এখন সেটিকে বাড়িয়ে যাবজ্জীবন করা হলো।

ভারতে হিন্দুরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে থাকে। বহু রাজ্যেই গরু জবাই করা বেআইনি।

গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রাণীটি ভারতীয় সংস্কৃতির প্রতীক। তিনি জানান, রাজ্যের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতেই এই আইনটি তৈরি করা হয়েছে।

তবে বিরোধী কংগ্রেস দলের একজন রাজনীতিক বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট পাওয়ার জন্যেই ক্ষমতাসীন বিজেপি এই আইনটি পাস করেছে।

আগামী শনিবার থেকে নতুন আইনটি কার্যকর হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.