আন্তর্জাতিক ডেস্ক | ০২ এপ্রিল, ২০১৭
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২৫৪ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৪শ’ মানুষ।
এ ঘটনার পর জরুরী অবস্থা জারি করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এখনো নিখোঁজ রয়েছেন ২শ’রও বেশি মানুষ।
এদিকে ভূমিধসের ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশেও। সেখানে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
পুতুমায়ো’র প্রদেশের গভর্নর মিডিয়াকে জানিয়েছেন, কোনো জায়গা এমন আছে যেখানে গোটা এলাকাই ভূমিধসে তলিয়ে গেছে। এমনকি ছাদ পর্যন্ত কাদাপানির নিচে দেখা গেছে।
কলম্বিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো আহতের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।
ভূমিধসের কারণে উপদ্রুত এলাকায় জরুরী অবস্থা জারি করেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। উদ্ধার কাজে সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এবং অনেক স্থানে রাস্তা ও ব্রিজ ভেসে যাওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পোনোরোগো এলাকায় ভারী বৃষ্টিপাতের পর শনিবার সকালে ভূমিধসে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কাদামাটি সরিয়ে চলছে উদ্ধারকাজ।
আরও ভূমিধসের আশঙ্কায় লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।