Sylhet Today 24 PRINT

অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করলেন বব ডিলান

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৭

আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার প্রদান হয়ে গেছে তিন মাসেরও বেশি সময় আগে। সেবার সাহিত্যে পুরস্কার পেলেও তা গ্রহণ করেননি গানের কবি হিসেবে পরিচিত সংগীত শিল্পী বব ডিলান।  তবে অবশেষে সেই পুরস্কার তিনি গ্রহণ করেছেন। সুইডিশ গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এখবর জানিয়েছে।

স্টকহোমে পূর্বনির্ধারিত কনসার্টের আগে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সুইডিশ একাডেমী কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন যে, ডিলান তার নোবেল বক্তৃতা দেবেন না। তবে নিয়ম হচ্ছে পুরস্কারের ৯লক্ষ ডলার গ্রহণের পূর্বশর্ত হিসেবে ঐ বক্তৃতা দিতে হয়।

তাই বব ডিলান তার রেকর্ডকৃত একটি বক্তব্য সুইডিশ একাডেমীর হাতে তুলে দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জুনের মধ্যে সেই বক্তৃতা না দিলে পুরস্কারের অর্থ হারাতে পারেন তিনি।

নোবেল পুরস্কারের আয়োজক সুইডিশ একাডেমীর একজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন,"অনুষ্ঠানটি খুব ভালো হয়েছে। ডিলান খুবই চমৎকার এবং বিনয়ী মানুষ।"

এর আগে অনুষ্ঠানটি সম্পর্কে সুইডিশ একাডেমীর সম্পাদক একটি ব্লগ পোস্টে জানিয়েছিলেন যে "অনুষ্ঠানটি হবে খুবই ছোট" এবং ডিলানের অনুরোধে সেখানে কোন গণমাধ্যম উপস্থিত থাকবে না।

এবারই প্রথমবারের মত কোন গীতিকার হিসেবে নোবেল সাহিত্য পুরস্কার জেতেন বব ডিলান। সাধারণত এই পুরস্কারটি কবি কিংবা ঔপন্যাসিকদের জন্যই বরাদ্দ থাকে।

সূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.