Sylhet Today 24 PRINT

পাকিস্তানে মাজারের খাদেমের হাতে ৩ নারীসহ ২০ মুরিদ খুন

আন্তর্জাতিক ডেস্ক  |  ০২ এপ্রিল, ২০১৭

পাকিস্তানের সারগোদা শহরে এক মাজারের খাদেম ও তার সহযোগীদের হাতে ৩ নারীসহ ২০ মুরিদ খুন হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (২ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

সারগোদার ডেপুটি কমিশনার লিয়াকত আলী চাট্টা জানিয়েছেন, সুফি সাধক আলী আহমদ গুজ্জরের মাজারের খাদেম আবদুল ওয়াহেদ চাপাতি ও লাঠি দিয়ে ওই মুরিদদের হত্যা করেছেন।

তিনি আরো জানান, ওয়াহেদ গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

চাট্টা জানান, সারগোদার জেলা হাসপাতালে হাজির হওয়া আহত এক নারী প্রথম এই হত্যাকাণ্ডের খবর দেন।

আহত হয়েও যে ৩ জন ঘটনাস্থল থেকে পালাতে পেরেছেন তিনি তাদের একজন। তার দেওয়া তথ্যের সূত্রধরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওয়াহেদ ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করে।

মাজারের আশপাশ থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

খবর: দ্যা ডন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.