Sylhet Today 24 PRINT

জার্মান ফুটবল ক্লাবের টিম বাসে বিস্ফোরণ, ফুটবলার মার্ক বার্টা আহত

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৭

ফুটবলার মার্ক বার্টা। ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লীগের একটি ম্যাচ খেলতে যাবার পথে জার্মান ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলের স্প্যানিশ রক্ষণভাগের খেলোয়াড় মার্ক বার্টা আহত হয়েছেন বলে ক্লাবটি জানিয়েছে।

আহত মার্ক বার্টাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি দলের খেলোয়াড়দের নিয়ে হোটেল থেকে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল খেলতে নিজেদের মাঠে যাচ্ছিল। তাদের প্রতিপক্ষ ছিল মোনাকো।

এই বিস্ফোরণের পর ম্যাচটি চব্বিশ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

দলের পক্ষ থেকে জার্মান ভাষায় টুইট করে জানানো হয়েছে, তাদের বাকী খেলোয়াড়েরা নিরাপদে আছে। মাঠে কিংবা তার আশপাশে আর কোন বিপদ নেই।

পুলিশ জানিয়েছে, টিম বাসটির আশপাশে মোট তিনটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আঘাত এসে লাগে বাসে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিস্ফোরণে বাসটির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়।

জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে বরুশিয়া ডর্টমুন্ডের অবস্থান বর্তমানে চতুর্থ। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের অন্য একটি ম্যাচে বার্সেলোনা ও ইয়ুভেন্টাসের মুখোমুখি হবার কথা।

বার্সেলোনা ক্লাব এক টুইট করে জানিয়েছে তারা মার্ক বার্টা, বরুশিয়া ডর্টমুন্ড ও তাদের ভক্তদের পূর্ণ সমর্থন জানাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.