Sylhet Today 24 PRINT

ফেসবুকে সরকারের সমালোচনা : আইনজীবীর ১০ বছরের কারাদণ্ড

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৭

ফেসবুকে সরকারের সমালোচনা করায় রামাদান নামের এক আইনজীবীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত। এই সাজার সঙ্গে রামাদানকে আরও ৫ বছর গৃহবন্দি রাখারও আদেশ দিয়েছেন আদালত। ওই সময়টায় তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারবেন না।

এ নিয়ে কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। এই সাজাকে 'স্বাধীনতার ওপর ভয়ানক হামলা' বলে অভিহিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সন্ত্রাসবিরোধী আইনকে সমালোচকদের বিপক্ষে ব্যবহার করা হচ্ছে বলে দোষারোপ করেছে তারা।

ফেসবুক ব্যবহার করে ঐক্য বিনষ্ট ও সহিংসতায় ইন্ধন দেয়ার অভিযোগে ২০১৫ সালের আইনের অধীনে সাজা দেয়া হয়েছে রামাদানকে। সরকারের দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এই আইন প্রয়োজন।

তবে রামাদান ফেসবুকে আসলে কি লিখেছিলেন সেটা পুরোপুরি স্পষ্ট নয়। তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সাজা ঘোষণা করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী। জানা গেছে, ফেসবুক পেইজে রামাদান লিখেছেন- তিনি বিশ্বাস করেন, মিসরের বর্তমান সরকার খুব বেশি দিন টিকে থাকতে পারবে না।

উল্লেখ্য, প্রেসিডেন্ট আবদুল ফাতাহ আল-সিসির শাসনামলে ইসলামপন্থিদের ও সরকারের সমালোচনা করার কারণে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।

সূত্র: বিবিসি 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.