Sylhet Today 24 PRINT

তিন বিজয়লক্ষী

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০১৫

এর আগে রুশনারা আলী ছিলেন একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আর এবার রুশনারার সঙ্গে যোগ দিলেন আরও দুই বাংলাদেশি; টিউলিপ সিদ্দিক ও রূপা আশা হক। তাদের তিনজনই লেবার পার্টি থেকে পরিষ্কার ব্যবধানে জয়ী হয়েছেন।

এবারও লেবার পার্টি সরকার গঠন করতে পারছে না, সরকার গঠন করছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। তবু ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ-উল্লাসের কমতি নেই কারণ তিনজন বাংলাদেশি ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন। 

নির্বাচনপূর্ব বিভিন্ন জনমত জরিপ বলছিল কোন দলই এককভাবে সরকার গঠন করতে পারছে না কিন্তু সে জরিপকে ভুল প্রমাণ করে দিয়ে একক সংখ্যাগরিষ্টতাই পেলো কনজারভেটিভ পার্টি। লেবার পার্টি সাত বাংলাদেশিদের ওপর আস্থা রাখলেও আস্থার প্রতিদান দিতে পেরেছেন কেবল রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক এবং রূপা আশা হক। 

রুশনারা আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ। গতবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে প্রায় ১২ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন। বেথনাল গ্রীন বো আসনে রোশনারা আলী ৩২০১৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেট স্মিথ পেয়েছেন মাত্র ৮০৭০ ভোট! অর্থাৎ প্রায় ২৫ হাজারের বেশি ভোট ব্যবধানে জয় পেয়েছেন তিনি!

টিউলিপ সিদ্দিক জয়লাভ করেছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। টিউলিপের প্রাপ্ত ভোট ২৩,৯৭৭, প্রতিদ্বন্দ্বী সাইমন মার্কাস পেয়েছেন ২২,৮৩৯ ভোট। ব্যবধান ১,১৩৮। এই ভোটের ব্যবধানকে বেশ বড় ব্যবধানই বলতে হবে কারণ গত নির্বাচনে এখানে ভোটের ব্যবধান ছিল মাত্র ৪২। টিউলিপ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী।

রূপা আশা হক কিংস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আদি বাড়ি পাবনায়। তিনি লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে নির্বাচিত হন। তিনি ২২ হাজার ৭ শ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭০১ ভোট। এ আসনে ২০১০ সালেও নির্বাচন করেছিলেন রূপা হক। তখন তিন হাজার ৭১৬ ভোটের ব্যবধানে এঞ্জি ব্রের কাছে হেরে যান তিনি। ওই নির্বাচনে রূপা পান ১৪ হাজার ২২৮ ভোট আর এঞ্জি ব্রে পান ১৭ হাজার ৯৪৪ ভোট।

নির্বাচনকে ঘিরে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ছিল। তারা ব্রিটিশদের পাশাপাশি সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। ৭ মে সকাল থেকেই লন্ডন ও আশপাশের বিভিন্ন ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশী কমিউনিটির লোকজন।

বাংলাদেশি বংশোদ্ভূত ভোটাররা পুরো ৬ সপ্তাহ নিজ নিজ এলাকার এমপিদের জন্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন।

সদ্য সমাপ্ত নির্বাচনে যুক্তরাজ্যের প্রধান তিনটি দল থেকে মোট ১১ জন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে লেবার পার্টি থেকে সাতজন, লিবারেল ডেমোক্র্যাট দল থেকে তিনজন এবং কনজারভেটিভ পার্টি থেকে একজন মনোনয়ন পেয়েছেন। শেষ মুহুর্তে লেবার পার্টির প্রার্থী তালিকা থেকে সুমন হককে বাদ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.