আন্তর্জাতিক ডেস্ক | ০৮ মে, ২০১৫
৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ নির্বাচনে নিজেদের ভরাডুবির জন্য ব্যর্থতার দায়ভার স্বীকার করে দলীয় প্রধানদের পদ থেকে পদত্যাগের হিড়িক পড়েছে বৃটেনের প্রধান বিরোধী দলসহ কয়েকটি রাজনৈতিক দলের। লেবার পার্টির শীর্ষ পদ ছাড়লেন এড মিলিব্যান্ড।
লেবার দলীয় পরাজয়ের দায়ভার মাথায় নিয়ে এড মিলিব্যান্ড দলীয় প্রধানের পদ ছাড়ছেন এমন গুঞ্জনে ভোর রাত থেকেই মুখরিত ছিলো ব্রিটিশ মিডিয়া। সেই গুঞ্জনকে সত্যি প্রমাণিত করে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার লেবার দলীয় প্রধান এড মিলিব্যান্ড।
প্রতিদ্বন্দ্বি টোরি দলের থেকে এখন পর্যন্ত প্রায় পচানব্বইটি আসনে পিছিয়ে থাকা লেবার দলীয় প্রধান এড মিলিব্যান্ড গত রাতকে একটি কঠিন রাত হিসাবে আখ্যায়িত করেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য দেশব্যাপী সকল লেবার দলীয় ভোটার এবং কর্মীদের ধন্যবাদ জানান।
পদত্যাগে বক্তব্যে তিনি বলেন- এই মুহুর্তে লেবার পার্টির দরকার একটি নতুন সূচনা, একটি নতুন নেতৃত্ব, যার হাত ধরে নতুন করে সূচিত হবে লেবার পার্টির আগামীর অগ্রযাত্রা।
দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গত কোয়ালিশন সরকারের উপপ্রধান মন্ত্রী এবং লিবারেল ডেমোক্রেট প্রধান নিক ক্লেগ।
গত ২০১০ সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে নিক ক্লেগ এর নেতৃত্বে লিবারেল ডেমক্রেট পেয়েছিলো সাতান্নটি আসন। ৬৫০টি আসন থেকে সর্বশেষ প্রাপ্ত ৬৪৪ টি আসনের ফলাফলের মধ্যে এবার নেমে এসেছে আটটি তে।
মাত্র একটি আসনে জয়ী এবং নিজের আসনে হেরে গিয়ে ডানপন্থী দল ইউকিপ'র প্রধান নাইজেল ফারাজ ও ঘোষণা দিয়েছেন দলীয় প্রধানের পদ থেকে সরে দাড়ানোর ।