Sylhet Today 24 PRINT

শ্রমিকের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে ‘খারাপ’ ১০টি দেশের শীর্ষে বাংলাদেশ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ জুন, ২০১৭

শ্রমিকের অধিকার বাস্তবায়নের দিক থেকে বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ ১০টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বৈশ্বিক শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভিয়েনামভিত্তিক 'বৈশ্বিক শ্রম অধিকার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন' (আইটিইউসি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এক তালিকা প্রকাশ করা হয়েছে। ১০টি দেশের ক্রমানুসারে প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ।

‘আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স ২০১৭’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ট্রেড ইউনিয়ন কর্মীদের ওপর সরকার ও নিয়োগকর্তার চাপিয়ে দেয়া অব্যাহত ভোগান্তির কারণে বাংলাদেশ রেটিংয়ে ৫ পেয়েছে, যার অর্থ হলো- শ্রমিকদের ‘অধিকারের কোনো নিশ্চয়তা নেই’।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের বর্বরতা, গণগ্রেপ্তার ও বৈষম্য বাংলাদেশে শ্রমিকদের ওপর নির্যাতনের প্রধান দিক। নির্যাতনের উদাহরণ হিসেবে ২০১৬ সালের ডিসেম্বরে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এই ১০ দেশের তালিকায় আরও রয়েছে কলাম্বিয়া, মিশর, গুয়াতেমালা, কাজাখস্তান, ফিলিপিন্স, কাতার, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.