Sylhet Today 24 PRINT

ভিয়েতনামে নারী ব্লগারের ১০ বছরের কারাদণ্ড

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ জুন, ২০১৭

ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস এবং বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সরকারের সমালোচনা করার অভিযোগে ভিয়েতনামে এক নারী ব্লগারকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ওই ব্লগারের নাম নগুয়েন নগোক নু কুয়েনহ (৩৭)। তিনি এর আগেও ২০০৯ এবং ২০১৬ সালে গ্রেপ্তার হয়েছিলেন। ‘মে ন্যাম’ অর্থাৎ ‘মাদার মাশরুম’ ছদ্মনামে তার ব্লগে লেখালেখি করতেন নগুয়েন।

ভিয়েতনামে চীনা হস্তক্ষেপের বিরোধিতা করে নিজের স্পষ্টভাষী অবস্থানের কারণে ২০০৯ সালে প্রথম কর্তৃপক্ষের নজরে পড়েন এ ব্লগার। সিঙ্গেল মাদার এ ব্লগারের দু'টি সন্তান রয়েছে।

কুয়েনহ'র আইনজীবী ভো অ্যান ডন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-মধ্যঞ্চলীয় প্রদেশ খান হুয়ার আদালতে একদিনের শুনানিতে বিচারক তার মক্কেলকে ১০ বছরের ওই সাজা দেন।

ফেসবুকের ১৮টি স্ট্যটাস এবং ভয়েজ অব অ্যামেরিকা ও রেডিও ফ্রি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.