Sylhet Today 24 PRINT

কাশ্মিরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, ৬ তীর্থযাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৭

ভারতের কাশ্মির রাজ্যে সন্ত্রাসী ও পুলিশের গোলাগুলির মধ্যে পড়ে অন্তত ছয় তীর্থযাত্রী নিহত হয়েছেন বলে রাজ্য পুলিশের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া সোমবার জানিয়েছে।

একে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, এই কাপুরুষ হামলাকারীদের কাছে নতি স্বীকার করবে না ভারত।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজ্যের অনন্তনাগ জেলায় সোমবার রাতে টহল পুলিশ ও সন্ত্রাসীদের গোলাপুলির মধ্যে পড়েছিলেন বাসে থাকা অমরনাথের তীর্থযাত্রীরা।

কাশ্মিরের পুলিশ প্রধান মুনীর খান বলেন, “ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী টহল পুলিশের উপর হামলা চালায়। তখন তীর্থযাত্রীদের বাসটি তার মধ্যে পড়ে।”

সন্ত্রাসীদের গুলিতে ছয় তীর্থযাত্রী নিহত এবং ১২ জন আহত হন বলে জানান রাজ্য পুলিশ প্রধান। নিহতদের মধ্যে পাঁচজন নারী বলে পুলিশ জানায়।

নিহত তীর্থযাত্রীরা গুজরাট থেকে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা হিন্দুদের তীর্থস্থান অমরনাথ মন্দির থেকে ফিরছিলেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তীর্থযাত্রীদের বাসটি নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করেছিল। কেননা সন্ধ্যা ৭টার পর মহাসড়কে কোনো বাস চলাচল করা নিষেধ ছিল।

এই হামলা কারা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, এটা কাশ্মিরিদের উপর একটি আঘাত। হামলাকারীদের বিরুদ্ধে কাশ্মিরিদের সোচ্চার হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.