Sylhet Today 24 PRINT

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মেজর সহ ভারতীয় সেনা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৭

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর বিচ্ছিন্নতাবাদীদের গুলিবর্ষণে সেনাবাহিনীর এক মেজরসহ দুই সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। এ সময় দুপক্ষের গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর অপর এক সৈন্য আহত হয়।

বুধবার রাতে শোপিয়ানের জিয়াপোরা এলাকায় তল্লাশি অভিযানটি শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী।

গোয়েন্দা সূত্রে ওই এলাকার পার্শ্ববর্তী বনে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে অভিযানটি শুরু করা হয় বলে জানিয়েছেন পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা।

অভিযান চলার সময় বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর দলটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে সেনাবাহিনীর তিন সদস্য আহত হন। তাদের শ্রীনগরের সামরিক হাসপাতালে নেওয়ার পর সেখানে মেজরসহ দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

তল্লাশি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

পৃথক আরেকটি ঘটনায় একইদিন সকালে কুলগাম জেলার গোপালপোরা গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.