সিলেটটুডে ডেস্ক | ১৪ আগস্ট, ২০১৭
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত ও আটজন আহত হয়েছে।
দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিনিউতে রোববার রাত ৯টার কিছু পরে গুলি শুরু হয়।
তারা জানান, সেখানকার হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তোরাঁর বাইরের অংশে আগত অতিথিদের লক্ষ্য করে হঠাৎ তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে।
ঘটনার পর থেকে সেনাবাহিনী পুরো শহর ঘেরাও করে রেখেছে।
উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে।
এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও পক্ষ। তবে ধারণা করা হচ্ছে, সাহেল অঞ্চলে সক্রিয় আল কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে।
বুরকিনা ফাসোর সরকারি এক বিবৃতিতে বলা হয়, 'হামলায় ১৭ জন নিহত ও আটজন হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।'
দেশটির যোগাযোগ মন্ত্রী রেমিস ড্যান্ডজিনাউ জানান, হামলায় ঠিক কতোজন জড়িত তা এখনও পরিষ্কার নয়।
তিনি বলেন, 'হামলাকারীদের একটি ভবনের এক পাশে কোণঠাসা করে ফেলা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছেন।'
গত বছরের জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে হামলায় ৩০ জন নিহত হয়েছিল। আল কায়েদা ওই হামলার দায় স্বীকার করেছিল।
বুরকিনা ফাসো সাহেল অঞ্চলভুক্ত একটি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র মালিও ওই অঞ্চলের অংশ। ২০১২ সাল থেকে মালিতে সন্ত্রাসী ইসলামি সংগঠনগুলো তৎপর রয়েছে।