Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ।

রোহিঙ্গা নির্যাতন-হত্যাকে এ বছরের সহিংসতার সবচে' খারাপ নজির উল্লেখ করে হত্যা ও নির্যাতন বন্ধ করে অভিযান থেকে সরে আসতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার জাতিসংঘ কার্যালয়ের এক বিবৃতিতে এসব কথা বলেন মহাসচিব।

রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর নির্যাতনে প্রায় ৪ শতাধিক রোহিঙ্গা হত্যার ঘটনাকে মানবিক বিপর্যয় বলে উদ্বেগও জানিয়েছেন গুতেরেজ।

তিনি বলেন, মিয়ানমার সরকারের দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেসব এলাকায় সাহায্য প্রয়োজন সেখানে সাহায্য প্রদানকারীদের যেতে দেওয়া।

এরআগে গেলো বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে।

এদিকে, জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে গেলো এক সপ্তাহে অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৭০ জন রোহিঙ্গা, ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দুজন সরকারি কর্মকর্তা এবং ১৪ জন সাধারণ নাগরিক রয়েছেন।

রাখাইনে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী নির্মূলের লক্ষ্যে ২০১৬ সালের অক্টোবর থেকে দেশটির উত্তর-পূর্ব রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর ব্যাপক আকারে নির্যাতন ও উচ্ছেদ অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। বসতবাড়ি থেকে তাদের উচ্ছেদ করতে পুড়িয়ে দেয়াসহ গণহত্যা ও গণধর্ষণ চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা।

সহিংসতার শিকার হয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত হাজার হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশ সীমান্তে আসছেন। তাদের অনেকেই বিভিন্নভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।

এদিকে জঙ্গল ও নদীপথে ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশে চেষ্টাকালে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছে রোহিঙ্গারা। এখন পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৪০ জনেরও বেশি রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.