Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের স্ত্রীর কাছে এমিনি এরদোয়ানের চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের স্ত্রী ফার্স্টলেডি এমিনি এরদোয়ান রোহিঙ্গাদের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করতে বিশ্বনেতাদের স্ত্রীদের কাছে চিঠি লিখেছেন।

চিঠিতে তিনি বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে চিঠিতে তুর্কি ফার্স্টলেডি লিখেছেন, চলমান মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কান বন্ধ করে রেখেছে এবং না দেখার ভান করছে- এটা খুব লজ্জাজনক।

ধর্ষণের শিকার অসংখ্য নারী, যাদের শিশু ও স্বামীদের জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে চোখের সামনে। তাদের দুর্দশার কথা শোনা ছিল ভীষণ কষ্টের।

তিনি লিখেছেন, আমি কখনও ওই নারী ও শিশুদের কথা ও বেপরোয়া চাহনি ভুলতে পারব না।

প্রাথমিকভাবে আমরা রোহিঙ্গা শিবিরে ১ হাজার টন মানবিক সহযোগিতা দিয়েছি। চিঠিতে এমিনি এরদোয়ান তুরস্কের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিমদের বিভিন্ন সময় সহযোগিতার কথা তুলে ধরেছেন।

রাখাইনে চলমান সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.