Sylhet Today 24 PRINT

রাখাইনে ‘জাতি নিধন’ চলছে না: জাতিসংঘে মিয়ানমার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের রাখাইন প্রদেশে  জাতিগত নিধন চলছে না বলে দাবি করেছেন জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত। তিনি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমারের রাষ্ট্রদূত হ্য দো সুয়ান এসব কথা বলেন। খবর ইকোনমিক টাইমসের

মিয়ানমারের এই রাষ্ট্রদূত বলেন, রাখাইনে কোনো ধরনের ‘জাতিগত নিধন’ অথবা ‘গণহত্যা’র মতো ঘটনা ঘটেনি।

অন্যান্য দেশের এই অভিযোগকে দায়িত্বহীন এবং অস্পষ্ট বলে উল্লেখ করেছেন তিনি। তিনি উত্তর রাখাইনের পরিস্থিতিকে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।

হ্য দো সুয়ান বলেন, ‘সেখানে কোনো ধরনের জাতিগত নিধনের ঘটনা ঘটেনি। কোনো গণহত্যা নেই। মিয়ানমারের নেত্রী অং সান সু চি যিনি দীর্ঘদিন ধরে স্বাধীনতা এবং মানবাধিকারের জন্য লড়াই করেছেন; তিনি এ ধরনের নীতি মেনে নেবেন না। আমরা জাতিগত নিধন ও গষহত্যা ঠেকাতে সবকিছুই করবো।’

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা শুরুর পর বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলিমের দুর্দশা ও তাদের অধিকারের ব্যাপারে কথা বলছে বেশ কয়েকটি দেশ। ওইদিন পুলিশের তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জেরে রাখাইনে সামরিক অভিযান শুরু হয়।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে হাই কমিশনার জেইদ রা’দ আল হুসেইন বলেন,পরিস্থিতি দেখে মনে হচ্ছে রাখাইনে জাতিগত নিধন চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.