Sylhet Today 24 PRINT

ইউনিসনের সম্মাননা স্থগিতের পর এবার সু চির প্রতিকৃতি সরাল অক্সফোর্ড

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৭

নোবেল বিজয়ী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ঠিক কী কারণে সু চির সরানো হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু না বললেও ‘নিরাপদ স্থানে’ প্রতিকৃতিটি সরানোর কথা জানিয়েছে তারা।

মিয়ানমারের সরকার কর্তৃক নিপীড়নের শিকার হয়ে লক্ষ লক্ষ লোক দেশছাড়া হওয়ার ঘটনায় সু চি বর্তমানে সমালোচনার মধ্যে রয়েছেন। সু চির প্রতিকৃতির জায়গায় জাপানি চিত্রশিল্পী ইয়োশিহিরো তাকাদার চিত্রকর্ম ‘একটি সময়ের জন্য’ প্রদর্শিত হবে।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী সু চির ওই প্রতিকৃতি কলেজটির মূল ভবনের প্রবেশদ্বারে ছিল। তার প্রতিকৃতি কেন সরানো হল সে বিষয়টি স্পষ্ট নয়।

কলেজের জনসংযোগ কর্মকর্তা বেঞ্জামিন জোনস বলেছেন, সু চির প্রতিকৃতি একটি ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে জাপানি চিত্রশিল্পী ইয়োশিহিরো তাকাদার চিত্রকর্ম ‘একটি সময়ের জন্য’ প্রদর্শিত হবে।

সেন্ট হিউ কলেজ থেকে ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি নেন সু চি। তার স্বামী ড. মাইকেল অ্যারিস এক সময় ওই কলেজে শিক্ষকতাও করেছেন।

সু চি গৃহবন্দি হওয়ার পর ১৯৯৩ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় অক্সফোর্ড। ওই ডিগ্রি তিনি গ্রহণ করেন মুক্তি পাওয়ার পর, ২০১২ সালে।

এরআগে গত সপ্তাহে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন- ইউনিসন সু চিকে দেওয়া সম্মাননা স্থগিত করেছিল। সামরিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলনের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকা সু চিকে ২০০৫ সালে সম্মানসূচক সদস্যপদ দিয়েছিল ইউনিসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.