Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা বিদ্রোহীদের ‘শান্তি প্রস্তাব’

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৭

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) মিয়ানমার সরকারের যেকোনো শান্তির পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছে। নিজেদের ঘোষিত এক মাসের অস্ত্রবিরতির প্রায় শেষদিকে শনিবার দেওয়া এক বিবৃতিতে একথা জানায় এআরএসএ।

মিয়ানমারের সহিংসতা কবলিত রাখাইন রাজ্যে ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে ১০ সেপ্টেম্বর থেকে এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করেছিল এআরএসএ। সোমবার মধ্যরাতে ওই অস্ত্রবিরতির মেয়াদ শেষ হবে।

বিবৃতিতে বলা হয়, “যেকোনো পর্যায়ে বার্মিজ সরকার শান্তিতে ইচ্ছুক হলে এআরএসএ ওই ইচ্ছাকে স্বাগত জানিয়ে তার প্রতিদান দিবে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এআরএসএ-র এই প্রস্তাবের বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মিয়ানমার সরকারের কোনো মুখপাত্রকে পাওয়া যায়নি।

গত মাসে এআরএসএ যখন একমাসের অস্ত্রবিরতি ঘোষণা করেছিল তখন মিয়ানমার সরকারের এক মুখপাত্র বলেছিলেন, “আপস-মীমাংসার উদ্দেশ্যে সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করার কোনো নীতি আমাদের নেই।”

২৫ আগস্ট রাতে শত শত রোহিঙ্গা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এআরএসএ-র বিদ্রোহীরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর প্রায় ৩০টি চৌকি ও সেনাবাহিনীর একটি ক্যাম্পে সমন্বিত আক্রমণ চালিয়েছিল। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চালানো এই হামলার সময় দুপক্ষের সংঘর্ষে প্রায় ১৪ জন নিহত হয়। এই হামলার প্রতিক্রিয়ায় রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্বিচার হামলা শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। এতে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা গ্রামবাসী প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর এই হামলাকে ‘জাতিগত নির্মূল’ অভিযানের নিখুঁত উদাহরণ বলে অভিহিত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের এই অভিযোগ অস্বীকার করে মিয়ানমার বলেছে, সেখানে সন্ত্রাসীদের সঙ্গে তাদের লড়াই চলছে এবং লড়াইয়ে পাঁচ শতাধিত মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সন্ত্রাসী। সন্ত্রাসীরা বেসামরিকদের ওপর হামলা করে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছিল বলে দাবি দেশটির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.