Sylhet Today 24 PRINT

মিয়ানমার বিরোধী প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৭

রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে কিছু বিষয়ে ঐক্যমত্য হলেও রোহিঙ্গা নির্যাতনের কারণে মিয়ানমারের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থার বিরোধিতা করে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন বৈঠকে উপস্থিত আনান কমিশনের শীর্ষ ব্যক্তি কফি আনানের কাছে রাখাইন পরিস্থিতি এবং সংকট নিরসনের সুপারিশ সম্পর্কে জেনেছেন পরিষদের সদস্যরা।

যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে শুক্রবার নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিষদের সদস্য দেশগুলো ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথু রিক্রফট জানান, সহিংসতা নিরসন, মানবিক সহায়তার শর্তহীন অবাধ প্রবেশাধিকার এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে পরিষদের সদস্যরা একমত হয়েছেন। এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে মিয়ানমারের সঙ্গে আরও কাজ করবে নিরাপত্তা পরিষদ।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বৈঠকের উদ্যোক্তা দুই দেশ ফ্রান্স ও যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিরুদ্ধে শক্ত পদক্ষেপের পক্ষে থাকলেও চীন আর রাশিয়ার বাধায় তা হয়ে ওঠেনি। নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রোহিঙ্গা নিধন বন্ধে একটি প্রস্তাব আনার চেষ্টায় ছিল তবে চীন আর রাশিয়া তাদের ভেটো ক্ষমতার বলে তা হতে দেয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.