Sylhet Today 24 PRINT

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩০

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ততম এলাকায় গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার এ বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ বলছে, মোগাদিসুর শারাফি হোটেলের প্রবেশ পথে গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ সময় অন্তত ৩০জন নিহত ও অনেকেই আহত হন। দেশটির মদিনা শহরে দ্বিতীয় বোমা বিস্ফোরণে আরও দুজন ঘটনাস্থলেই নিহত হন।

এই হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো পরিষ্কার নয়। তবে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-শাবাব নামে একটি জঙ্গি গ্রুপের নিয়মিত নিশানায় পরিণত হয়েছে মোগাদিসু। তারা সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে।

প্রথম বিস্ফোরণের পর দেশটির পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সেটি ছিল ট্রাক বোমা হামলা। এই মুহূর্তে নিহতের সঠিক সংখ্যা জানা নেই, সেখানে এখনো আগুন জ্বলছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন বিবিসিকে জানায়, সেখানে অনেক মানুষের প্রাণ গেছে।

মোগাদিসুর আবাসিক বাসিন্দা মহিউদ্দিন আলী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা আমার দেখা সব থেকে বড় বিস্ফোরণ। বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.