Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে ধন্যবাদ জানান। তারা রোহিঙ্গা সংকট নিয়ে প্রায় ২০ মিনিট কথা বলেন।
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আলাপকালে প্রধানমন্ত্রী গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে তার দেয়া ৫ দফা প্রস্তাব বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেন। রোহিঙ্গাদের যেন শিগগিরই ফিরিয়ে নেয়া হয় সেজন্য মিয়ানমারের প্রতি আরও চাপ দিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
 
তিনি গুতেরেসকে বলেন, আমি এ সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে ৫ দফা প্রস্তাব উত্থাপন করেছি। এই ৫ দফা হল-মিয়ানমারকে অবশ্যই রাখাইন রাজ্যে অবিলম্বে এবং চিরতরে নিঃশর্তভাবে সন্ত্রাস এবং জাতিগত নিধন বন্ধ করতে হবে, জাতিসংঘ মহাসচিব মিয়ানমারে অবিলম্বে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাবে, ধর্ম এবং জাতীয়তা নির্বিশেষে মিয়ানমারকে অবশ্যই সব বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের ভেতরে এ জন্য ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করতে হবে। বলপূর্বক তাড়িয়ে দেয়া সকল রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশ থেকে টেকসই প্রত্যাবর্তন মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। কফি আনান কমিশন রিপোর্ট পুরোপুরি অবিলম্বে নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হবে।
 
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে ফোন করার জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আগ পর্যন্ত তার অব্যাহত সহযোগিতা এবং সংযুক্তি কামনা করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ইতিমধ্যে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ উপায়ে নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছে।
 
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের প্রশংসা লাভ করে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদেরও দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এর দুই প্রভাবশালী সদস্য রাশিয়া ও চীন মিয়ানমারকে সমর্থন করার কারণে কোনও সিদ্ধান্ত ছাড়াই নিরাপত্তা পরিষদের বৈঠক শেষ হয়। তবে জাতিসংঘ মহাসচিব বরাবরই এ ইস্যুতে মিয়ানমারের সমালোচনা ও বাংলাদেশকে সমর্থন করে আসছিলেন। জাতিসংঘ মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে।
 
প্রধানমন্ত্রী গুতেরেসকে বলেন, আপনি রোহিঙ্গা সমস্যা সম্পর্কে ভালোভাবেই অবহিত আছেন এবং আপনি জানের যে এই সমস্যার মূল মিয়ানমারেই রয়েছে এবং মিয়ানমারকেই এই সমস্যার সমাধান করতে হবে।
 
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ মহাসচিবকে এই সমস্যার পটভূমি এবং বাস্তবতা সম্পর্কে অবহিত করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই নিউইয়র্ক সফর করবেন।
 
প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকেও মিয়ানমার পাঠাচ্ছি।
 
প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা জনস্রোতের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.