Sylhet Today 24 PRINT

নির্বাচন মেনে নেওয়ার ঘোষণা পুজদেমনের

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৭

কাতালোনিয়ায় স্পেন সরকারের ডাকা আগাম নির্বাচন মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বরখাস্ত নেতা কার্লেস পুজদেমন। মাদ্রিদ সরকার কাতালোনিয়ার স্বাধীনতাপন্থি এ নেতার বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও অর্থ অপব্যবহারের অভিযোগ এনেছে বলে জানিয়েছে স্পেনের গণমাধ্যম।

কাতালোনিয়ার সংসদ ভেঙে দেওয়ার পরই খবর আসে, নিজের মন্ত্রিসভার পাঁচ সদস্যকে নিয়ে তিনি বেলজিয়াম চলে গেছেন।

ব্রাসেলসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুজদেমন বলেন, তিনি বেলজিয়ামে রাজনৈতিক আশ্রয় বা ন্যায় বিচার চাইতে আসেননি। বরং স্পেন সরকার তাকে (নিরাপত্তার) ‘নিশ্চয়তা’ দিলে তিনি কাতালুনিয়ায় ফিরে যাবেন।

“আমি কাতালান জনগণকে দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রই আমাদের জয়ের মূল ভিত্তি হবে।”

তবে কবে নাগাদ স্পেনে ফিরে আসতে পারেন সে বিষয়ে কিছু বলেনি পুজদেমন।

স্পেন সরকারের পক্ষ থেকে বলা হয়, পুজদেমনের জন্য সবসময়ই নিজের সুযোগ গ্রহণ করে নির্বাচনে অংশ নেওয়ায় দ্বার খোলা থাকবে।

কেন্দ্রীয় সরকারের যাবতীয় বিরোধিতার পর স্বাধীনতা প্রশ্নে গত এক অক্টোবর ‘স্বায়ত্বশাসিত’ কাতালুনিয়ায় গণভোট এবং তার ভিত্তিতে কাতালান পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করে। পরবর্তী ব্যবস্থা হিসেবে স্পেন সরকার পুজদেমনকে বরখাস্ত করে এবং কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিয়ে ২১ ডিসেম্বর সেখানে আগাম নির্বাচন ঘোষণা করে। সোমবার অনেকটা শান্তিপূর্ণ উপায়েই কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ার অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও বেশকিছু কর্মকর্তা মাদ্রিদের নির্দেশে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানা গেছে। কাতালান মন্ত্রীদের কেউ দপ্তরে এলে আঞ্চলিক পুলিশ তাদের চলে যেতে ঘণ্টাখানেক সময় দেয়, তা না হলে 'ব্যবস্থা নেওয়ার’ হুমকিও দেয়া হয়।

স্প্যানিশ সরকার দেশটির সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ জারির পর এখন পর্যন্ত অন্তত দেড়শ উচ্চপদস্থ কাতালান কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে।

এদিকে মঙ্গলবার স্পেনের সাংবিধানিক আদালত কাতালান পার্লামেন্টের একতরফা স্বাধীনতা ঘোষণায় স্থগিতাদেশ জারি করেছে। কাতালান পার্লামেন্টের স্পিকার এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধেও ‘বিদ্রোহ’ ও ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ সপ্তাহের শেষে পুজদেমনকে আদালতের সামনে উপস্থিত হওয়ার জন্য তলব করা হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। অভিযোগ প্রমাণিত হলে পুজদেমনের ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.