Sylhet Today 24 PRINT

সমকামী বিয়ের পক্ষে ভোট দিল অস্ট্রেলিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৭

সমকামী বিয়ে নিয়ে আয়োজিত জরিপের ফল প্রকাশের সময় বুধবার অস্ট্রেলিয়ার সিডনির একটি পার্কে জড়ো হন হাজারো মানুষ। ছবি : রয়টার্স

সমকামী বিয়ের বিষয়ে মতামত জানতে চালানো একটি জাতীয় জরিপে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে অস্ট্রেলিয়ার সংখ্যাগরিষ্ঠ নাগরিক। এর মধ্য দিয়ে দেশটিতে সমকামী বিয়ে বৈধতার পথ অনেকটাই এগিয়ে গেল।

স্থানীয় সময় বুধবার জরিপের এই ফল প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভোটের ফলের ভিত্তিতে পার্লামেন্টে আইন পাস হলে অস্ট্রেলিয়া হবে সমকামী বিয়েকে বৈধতা দেওয়া ২৬তম রাষ্ট্র।

ফল ঘোষণার দিন সিডনির প্রাণকেন্দ্রে একটি পার্কে জড়ো হন সমকামী বিয়ের পক্ষের হাজারো মানুষ। তাঁদের কেউ কেউ বিয়ের পোশাক পরে এসেছিলেন। পার্কে স্থাপন করা বিশাল পর্দায় তাঁরা অস্ট্রেলিয়ার প্রধান পরিসংখ্যান কর্মকর্তার ফল ঘোষণা শুনছিলেন। এ সময় অনেকেই আনন্দে আলিঙ্গন করেন এবং কেঁদে ফেলেন।

প্রাপ্ত ফল থেকে জানা যায়, ভোটারদের ৬১ দশমিক ৬ শতাংশ সমকামী বিয়ের পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দেন ৩৮ দশমিক ৪ শতাংশ ভোটার।

স্বেচ্ছাকৃত এই ভোটের ওপর ভিত্তি করে আইন পাস করা বাধ্যতামূলক নয়। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ভোটের ফল ঘোষণার পরপরই বলেছেন, পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের শেষের দিকে বৈবাহিক সমতা নিয়ে একটি আইন পাসের জন্য পার্লামেন্টে উত্থাপন করবেন তিনি।

অস্ট্রেলিয়ায় ওই জরিপে অংশ নেয় ভোটদানে সক্ষম ৮০ শতাংশ লোক। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের আলাদা হওয়ার (ব্রেক্সিট) ভোট কিংবা আয়ারল্যান্ডে সমকামী বিয়ে নিয়ে আয়োজিত গণভোটের চেয়েও অস্ট্রেলিয়ায় বেশিসংখ্যক লোক ভোটাভুটিতে অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.