Sylhet Today 24 PRINT

দল থেকে বহিষ্কার প্রেসিডেন্ট মুগাবে

নিউজ ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৭

গত ৩৭ বছর জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা রবার্ট মুগাবেকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি দলীয় প্রধানের পদ থেকে তাকে বহিষ্কার করেছে।

রোববার (১৯ নভেম্বর) জানু-পিএফের শীর্ষ পর্যায়ের এক সভা শেষে মুগাবেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে প্রেসিডেন্ট পদ থেকে ৯৩ বছর বয়সী এই শাসককে সরে যাওয়ার দাবিতে রাজধানী হারারেসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

দলের একাধিক নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “তাকে (মুগাবে) বরখাস্ত করা হয়েছে। নানগাওয়া এখন আমাদের নতুন নেতা।”

আরও তিন নেতা মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্তের খবর নিশ্চিত করেছেন বলে জানায় রয়টার্স।

জানু-পিএফ পার্টির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বের মধ্যে গত বুধবার সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়। এরপরই ৯৩ বছরের মুগাবেকে হারারেতে তার বিলাসবহুল ভবন ‘ব্লু রুফ’ এ গৃহবন্দি করে রাখার খবর আসে।

সেনাবাহিনী ও দল থেকে মুগাবেকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেননি সাবেক এই গেরিলা নেতা।

ওই বৈঠকে মুগাবেকে সরিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাওয়াকে দলীয় প্রধান করা হয়।

এ মাসের শুরুর দিকে নানগাওয়াকে ভাইস প্রেসিডেন্ট এবং দলীয় পদ থেকে বরখাস্ত করেছিলেন মুগাবে।

নানগাওয়াকে একসময় মুগাবের উত্তরসূরি বিবেচনা করা হতো, তাকে বহিষ্কারের পর সে জায়গায় মুগাবের স্ত্রী গ্রেসের নাম চলে আসে।

দলীয় একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গ্রেস মুতাবেকেও দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.