Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পোপ ফ্রান্সিসের

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৭

বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এমাসের ৩০ তারিখে পোপ  ফ্রান্সিস বাংলাদেশ সফরে আসছেন। ২ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।

এক ভিডিও বার্তায় বাংলাদেশে খ্রিস্ট ধর্মের অনুসারীদের আশির্বাদ জানিয়েছেন তিনি। পোপের ভিডিও বার্তাটি মঙ্গলবার ভ্যাটিকান রেডিওর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় পোপ বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে মিলিত হতে এবং তাদেরকে যিশুর পুনর্মিলন, ক্ষমা এবং শান্তির বাণী শোনানোর অপেক্ষায় আছেন।

তিনি বলেন, আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের মানুষকে আমি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা জানাতে চাই। আমি অপেক্ষায় আছি সেই সময়ের, যখন আমরা মিলিত হব।

বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে তিনি পৌরহিত্য করবেন। ওই অনুষ্ঠানে ১৬ জন ডিকনকে ধর্মযাজক পদে অভিষিক্ত করা হবে। বাংলাদেশের কার্ডিনাল, আর্চবিশপ ও বিশপদের সাক্ষাৎ দেবেন পোপ ফ্রান্সিস। এছাড়া একটি নাগরিক সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি। বিভিন্ন ধর্ম সম্প্রদায়, চার্চ, সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও সূচি রয়েছে তার।

বার্তায় পোপ ফ্রান্সিস তার এসব কর্মসূচির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে তার সফরের প্রস্তুতিতে যারা পরিশ্রম করছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।

পোপ ফ্রান্সিস বলেন, আপনাদের সঙ্গে আমার দিনগুলো যাতে আশা এবং অনুপ্রেরণাদায়ী হয়ে ওঠে সেজন্য আমি সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।

১৯৭০ সালের ২৬ নভেম্বর ভয়াবহ জলোচ্ছ্বাসের পর ঢাকার বিমানবন্দরে এক ঘণ্টার জন্য নেমেছিলেন পোপ ষষ্ঠ পল। সেটাই ছিল বাংলাদেশে কোনো পোপের প্রথম আসা। এরপর ১৯৮৬ সালে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন পোপ দ্বিতীয় জন পল। তিন দশক পর তৃতীয়বারের মতো কোনো পোপ বাংলাদেশে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.