Sylhet Today 24 PRINT

মালিতে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষী বাহিনীর চার সদস্যসহ নিহত ৫

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৭

মালিতে পৃথক দুই সন্ত্রাসী হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য এবং মালির এক সেনা নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) ঘটনা ঘটলেও শনিবার (২৫ নভেম্বর) মালিতে জাতিসংঘ মিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত নিহত শান্তিরক্ষীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

সংঘর্ষকবলিত মালিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে ২০১৩ সাল থেকে শান্তিরক্ষা মিশন কাজ করছে। নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী মালিতে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী ও জঙ্গিরা প্রায়ই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ও দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘মিনুসমা’ জানিয়েছে, কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত দেশটিতে তাদের ১৪৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। জাতিসংঘের সাম্প্রতিক সময়ে যেকোনো দেশে পরিচালিত মিশনের তুলনায় এই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে, শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা আন্তর্জাতিক আইনে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে গণ্য হতে পারে।

মিনুসমার প্রধান মোহাম্মদ সালেহ আনাদিফ বিবৃতিতে বলেছেন, ‘এ অঞ্চলে বেসামরিক নাগরিকদের সাহায্য করার জন্য অভিযান পরিচালিত হলেও কখনো কখনো প্রয়োজনীয় চিকিৎসা সহায়তাও দেওয়া হয়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে নাইজার সীমান্তের কাছে মেনাকা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় তিন শান্তিরক্ষী ও মালির এক সেনা নিহত হন। এ সময় ১৫ শান্তিরক্ষী ও এক জন বেসামরিক লোক আহত হন। দেশটির মোপতি এলাকায় আরেক হামলায় এক শান্তিরক্ষী ও তিন বেসামরিক লোক নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.