Sylhet Today 24 PRINT

সিরিয়ায় রুশ বিমান হামলায় অর্ধশতাধিক বেসামরিক নিহত

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৭

সিরিয়ার পূর্বাঞ্চলীয় আল-শাফাহ গ্রামে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী।

রোববার (২৬ নভেম্বর) সকালে চালানো এই বিমান হামলায় নিহতদের মধ্যে ২১টি শিশু রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর), খবর বিবিসির।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক গ্রুপ এসওএইচআর আরো জানায়, বিমান হামলার শিকার গ্রামটি সিরিয়ার দেইর আল-জহুর প্রদেশে অবস্থিত। যেটি এখনো ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে রয়েছে।

এসওএইচআর প্রাথমিকভাবে জানায়, আবাসিক ভবনে বিমান হামলার ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। কিন্তু পর্যবেক্ষক গ্রুপের প্রধান রামি আবদেল রহমান সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ধারণা করা হচ্ছে, বিমান হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়বে। তিনি জানান, দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে হামলার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে।

রাশিয়া এই বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে, এ হামলা মূলত জঙ্গিগোষ্ঠী ও তাদের দুর্গে আঘাত হানার জন্যই চালানো হয়েছে।

সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এক গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া।

যদিও জাতিসংঘের সমর্থনে আগামী সপ্তাহে জেনেভা সম্মেলনে সিরিয়ার সংকট নিয়ে শান্তি আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু সিরিয়া সংকট নিয়ে এর আগের সব আলোচনাই ব্যর্থ হয়েছে। সে ক্ষেত্রে এ আলোচনা কতটা কার্যকর হবে, তা দেখার বিষয়।

দীর্ঘ সাত বছর ধরে সিরিয়ায় চলমান সংকটে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এ ছাড়া এক কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

চলমান সংকটের মধ্যেই বিভিন্ন সময়ে বিদ্রোহী গ্রুপ ও আসাদ সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সংকট সমাধানের চেয়ে যুদ্ধকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.