Sylhet Today 24 PRINT

পেশোয়ারে কলেজে ‘জঙ্গি হামলা’, নিহত ৯

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সংলগ্ন একটি হোস্টেলে তালেবানের হামলায় অন্তত ৯ শিক্ষার্থী নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। হামলায় জড়িত তিন সন্দেহভাজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে বোরকা পরে কয়েকজন সন্ত্রাসী এই হামলা চালায়। হোস্টেলের ভেতর থেকে গুলি, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। দুই ঘণ্টা ধরে চলে এই অভিযান।

প্রতিবেদনে আরো বলা হয় পাকিস্তানের তালেবান এ ঘটনার দায় স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। তালেবানের মুখপাত্র মোহাম্মদ খোরাসানি ওই বিবৃতিতে বলেন, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।

পাকিস্তানের পুলিশ ও সেনাবাহিনী উভয়ই দাবি করেছে, আফগানিস্তান থেকে এই হামলাকারীদের সমন্বয় করা হয়েছে। 

পেশোয়ারের হায়াতাবাদ হাসপাতাল ও খায়বার টিচিং হাসপাতালে আহত ছাত্রদের ভর্তি করা হয়েছে।

পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ তাহির খান বলেন, বন্দুকধারীরা বোরকা পরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজ ক্যাম্পাসে ঢুকেছে। ক্যাম্পাসে ঢোকার আগেই তারা ফটকে থাকা নিরাপত্তাকর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আহত শিক্ষার্থী এহতেসান উল-হক বলেন, ‘কলেজের ছাত্রাবাসে প্রায় ৪০০ শিক্ষার্থী থাকে। তবে লম্বা ছুটি পাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছেন। এখন ১২০ জনের মতো ছাত্র আছেন। আজ সকালে হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে উঠে দেখি সবাই দৌড়াচ্ছে আর 'তালেবান হামলা করেছে' বলে চিৎকার করছে।’

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে এবং দুজন সেনা সদস্য হামলায় আহত হয়েছেন। আহত সেনাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.