সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ০২ জুন, ২০১৫
প্রখ্যাত কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের জীবনাবসান ঘটেছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার একটি হাসপাতালে ৯৮ বছর বয়সে মারা গেছেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন বিজয়া। গত শনিবার থেকেই ফুসফুসে প্রবল সংক্রমণ ভুগছিলেন। খবর পেয়ে হাসপাতালের গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা চলচ্চিত্রের দিকপাল প্রয়াত সত্যজিৎ রায়ের নানান কাজে সবচেয়ে বড় অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি। পথের পাঁচালি থেকে আগন্তুক প্রায় প্রত্যেকটি সিনেমার কাজে সত্যজিতকে বিভিন্নভাবে সহায়তা করেছিলেন তিনি। শেষ বয়সে নিজেও তোলে নিয়েছিলেন কলম। সত্যজিৎ রায়ের সাথে তাঁর দীর্ঘজীবনের গল্প-গাথা নিয়ে লিখেছেন 'আমাদের কথা'। ১৯৯২ সালে সত্যজিতের মৃত্যুর পর ছেলের সাথে কলকাতায় বাস করছিলেন বিজয়া।
সত্যজিৎ ও বিজয়া রায়ের ছেলে সন্দীপ রায়ও চলচ্চিত্রকার। তৈরি করেছেন বেশ কয়েকটি সিনেমা।