Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কে হামলাকারীর বিচার চেয়েছে বাংলাদেশ

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৭

নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে সোমবারের সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ।

সোমবার সকালের ওই হামলায় এক বাংলাদেশি যুবকের জড়িত থাকার কথা নিউ ইয়র্ক পুলিশ জানানোর পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে দেশের অবস্থান স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়, “সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যে জিরো টলারেন্স নীতি, তার প্রতি অঙ্গীকার থেকে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাস ও উগ্রবাদের নিন্দা জানায়।” 

বিবৃতিতে আরও বলা হয়, “ধর্ম কিংবা জাতিগত পরিচয় যাই হোক না কেন একজন সন্ত্রাসীর পরিচয় হলো সন্ত্রাসী। তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”

উল্লেখ্য, সোমবার সকালে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর আহত অবস্থায় আকায়েদ উল্লাহ নামে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ। সাত বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো আকাইদ থাকেন ব্রুকলিনে। তিনি একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করেন। আকিয়াদের বাড়ি চট্টগ্রামে এবং গত সেপ্টেম্বরে তিনি সর্বশেষ দেশে ফিরেছিলেন বলে রয়টার্স জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.