Sylhet Today 24 PRINT

ট্রাম্পের উদ্দেশ্যে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন আকায়েদ

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

নিউ ইয়র্কে হামলার কিছুক্ষণ আগে ফেইসবুকে এক পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন সন্দেহভাজন হামলাকারী বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ম্যানহাটন ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে ফেডারেল প্রসিকিউটররা যে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেখানেই এই ফেইসবুক পোস্টটির কথা জানানো হয়েছে।

মঙ্গলবার তার বিরুদ্ধে পুলিশ যেসব অভিযোগ এনেছে এর মধ্যে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা প্রদান এবং জনসমাগমে ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার এবং বোমা হামলার অভিযোগ রয়েছে।

ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে সোমবার সকালের ব্যস্ত সময়ে শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটালে আকায়েদ উল্লাহ নিজে এবং আরও তিনজন আহত হন। ওই হামলার আগ দিয়ে এক পোস্টে আকায়েদ উল্লাহ লেখে, ‘ট্রাম্প তুমি তোমার জাতিকে রক্ষা করতে ব্যর্থ’।

আইনজীবীরা বলছেন, ২৭ বছর বয়সী এই তরুণ ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে এমন হামলার চেষ্টা চালায়।

প্রসিকিউটররা যে অভিযোগ দায়ের করেছেন সে অনুসারে আটকের পর আকায়েদ উল্লাহ আইএস-এর হয়ে এই কাজ করেছেন বলে উল্লেখ করেন। তিনি আইএস বাহিনীকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা কারণে এমন বিস্ফোরণের বিষয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন বলেও তদন্তকারীদের কাছে বলেছেন।

২০১১ সালে ফ্যামিলি ভিসা নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্র যান আকায়েদ উল্লাহ। পরে বিয়ে করতে ২০১৬ সালে ঢাকায় আসেন আকায়েদ। সে সময় থেকে তার স্ত্রী ঢাকাতেই বসবাস করছেন। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঢাকায় তার স্ত্রী ও শ্বশুরকে গতকাল সোমবার তারা জিজ্ঞাসাবাদ করেছে।

এবছর সেপ্টেম্বর মাসে আকায়েদ তার শিশুসন্তানকে দেখতে ঢাকায় এসেছিলেন এ তথ্য জানিয়েছে পুলিশ । সেসময় আকায়েদ কাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছে বা কাদের সঙ্গে মিশেছে অথবা বাংলাদেশের অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার কোনোরকম যোগাযোগ আছে কি না তা জানতে তারা আকায়েদের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করেছে।

খবর : বিবিসির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.