Sylhet Today 24 PRINT

এক মাসে ৬৭০০ রোহিঙ্গা হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

মিয়ানমারে গত আগস্টে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এক মাসে অন্তত ৬ হাজার ৭'শ রোহিঙ্গা হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দাতা সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়ে (এমএসএফ)। বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের ওপরে করা এক জরিপ শেষে এই তথ্য জানায় দাতা সংস্থাটি।

এমএসএফ বলছে, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিচালিত "ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত" এটি। খবর বিবিসির।

মিয়ানমার সেনাবাহিনী "সন্ত্রাসবাদী"দের ওপর সহিংসতার দায় দিয়ে নিজেদের নির্দোষ দাবি করছে।

এমএসএফ'এর তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ৬ লক্ষ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দাতা সংস্থাটির জরিপে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৯ হাজার রোহিঙ্গা মিয়ানমারে মারা যায়। এর মধ্যে অন্তত ৬ হাজার ৭'শ মৃত্যুর কারণ সহিংসতা, যার মধ্যে পাঁচ অথবা তার চেয়ে কম বয়সের শিশু ছিল ৭৩০ জন।

তবে মিয়ানমারের সেনাবাহিনী নিহতের সংখ্যা প্রায় ৪০০ উল্লেখ করে এদের বেশিরভাগই ‘মুসলিম সন্ত্রাসী’ বলে দাবি করেছে।

পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু নিহত হয়েছে তাদের ৫৯ শতাংশকেই গুলি করে হত্যা করা হয়েছে। ১৫ শতাংশকে পুড়িয়ে মারা হয়েছে। পিটিয়ে হত্যা করা হয়েছে ৭ শতাংশ শিশুকে। আর ২ শতাংশ শিশু নিহত হয়েছে স্থলমাইন বিস্ফোরণে।

এমএসএএফ এর মেডিক্যাল ডাইরেক্টর সিডনি ওং বলেছেন,  নিহতের এ পরিসংখ্যানে পুরো চিত্র উঠে আসেনি। কারণ, সব রোহিঙ্গার ওপর জরিপ চালানো সম্ভব হয়নি। তাছাড়া, সব রোহিঙ্গা পরিবারও মিয়ানমার থেকে পালিয়ে আসার সুযোগ পায়নি। ফলে ওই হিসাবও জরিপে উঠে আসেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.