Sylhet Today 24 PRINT

১৯ মে হ্যারি-মেগানের রাজকীয় বিয়ে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৭

প্রিন্স হ্যারি ও মেগান ম্যারকেলের বিয়ে হবে আগামী বছরের ১৯ মে। কেনসিংটন প্যালেস শুক্রবার এ রাজকীয় বিয়ের ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান গত মাসে তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। তারা এও জানান, উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাদের বিয়ে হবে।

২০১৬ সাল থেকে হ্যারি ও মেগান প্রেম করছেন। মেগান আগে একবার বিয়ে হয়েছিল।

গত মাসে হ্যারি-মেগানের বাগদানের ঘোষণার পর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস এক বিবৃতিতে বলেন, তিনি তার সন্তানের বিয়ের খবর সবাইকে ‘জানাতে পেরে আনন্দিত’। রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার ‘পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা’ প্রাথমিকভাবে বাগদানের বিষয়টি জানতেন। লন্ডনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। তখনই বিয়ের তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা জানানো হয়।

মার্কিন টিভি সিরিজ ‘ফ্রিঞ্জ’ ও ‘স্যুটস’য়ে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মেগান ম্যারকেল বয়সে প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড়। সেপ্টেম্বরেই তারা জুটি হিসাবে প্রথম জনসম্মুখে আসেন।

ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স হ্যারিকে ‘বয়ফ্রেন্ড’ সম্বোধন করে মেগান বলেছিলেন, আমরা একে অপরকে ভালোবাসি এবং এ সম্পর্ক নিয়ে আমরা খুশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.