সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৭
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই তেহরান থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে ৪ দশমিক ২ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে। এতে এক ব্যক্তি নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানী তেহরান থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয় বলে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জনিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে জানা যায়, কম্পনে আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন আরো অন্তত ৫৬ জন।
গত ২০ ডিসেম্বর দেশটিতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দুইজন নিহতের খবর জানা যায়। এর আগে কেরমানশাহ প্রদেশে গত ১১ নভেম্বরের ৭.১ মাত্রার ভূমিকম্পে ভূমিকম্পে অন্তত ৫০০ মানুষ নিহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
২০০৩ সালে দেশটিতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩১ হাজার মানুষের মৃত্যু হয়। মাটিতে মিলে যায় প্রাচীন শহর বাম। বিশ্বের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে ইরান একটি।