Sylhet Today 24 PRINT

চীনে হাতির দাঁতের ব্যবসা পুরোপুরি নিষিদ্ধ হল

সিলেটটুডে ইন্টারন্যাশলান ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৮

এবার হাতির দাঁতের ব্যবসা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করল চীন। এর ফলে হাতির দাঁত এবং এ থেকে তৈরি পণ্যের বেচাকেনা চীনে আর কোনভাবেই বৈধ থাকল না।

গেলো বছরের প্রথম দিকে চীনে হাতির দাঁত এবং এ থেকে তৈরি পণ্যের বেচাকেনা নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়; আর তা কার্যকর করা হলো রোববার, অর্থাৎ ২০১৭ সালের শেষ দিনে।

বন্যপ্রাণী রক্ষার আন্দোলনকারীরা বলেন, প্রতি বছর চোরাশিকারীরা ৩০ হাজার আফ্রিকান হাতি হত্যা করে তাদের দাঁতের জন্য।

তারা বলছেন, হাতির চোরাশিকার বন্ধের জন্য চীনের এই নিষেধাজ্ঞা হচ্ছে সবচেয়ে বড় ইতিবাচক পদক্ষেপ।

চীনের রাষ্ট্রীয় মাধ্যম বলছে, হাতির দাঁতের দাম ইতিমধ্যেই ৬৫ শতাংশ কমে গেছে।

চীন ছিল হাতির দাঁত থেকে তৈরি পণ্যের অন্যতম বৃহৎ বাজার। আগে চীনে ঢোকার সময় হাতির দাঁত বা তার তৈরি সামগ্রী যত ধরা পড়তো - তার পরিমাণও কমে গেছে ৮০ শতাংশ। হাতির দাঁতের জিনিস তৈরির ৬৭টি কারখানা এবং দোকান বন্ধ হয়ে গেছে আগেই, আরো ১০৫টি রোববারের মধ্যেই বন্ধ হয়ে যাবার কথা।

তবে একটি উদ্বেগের বিষয় এখনো আছে। তা হলো, চীনের এই নতুন আইনের আওতায় হংকং পড়বে না। হংকং হচ্ছে হাতির দাঁতের ব্যবসার একটি বড় কেন্দ্র এবং এর ক্রেতাদের অধিকাংশই চীনের মূলভূমির বাসিন্দা বলে মনে করা হয়।তবে হংকংও এই ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য নিজস্বভাবে প্রক্রিয়া চালাচ্ছে।

আন্তর্জাতিকভাবে হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ করা হয় ১৯৯০ সালে। খবর বিবিসির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.