সিলেটটুডে ডেস্ক | ১৫ জানুয়ারী, ২০১৮
আফ্রিকা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জের ধরে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে যে সমালোচনা করা হচ্ছে তা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি বর্ণবাদী নই। আপনারা ইন্টারভিউ করেছেন এমন সব ব্যক্তিদের মধ্যে আমিই সবচেয়ে কম বর্ণবাদী।‘
মূলত প্রেসিডেন্ট হওয়ার পর বর্ণবাদের অভিযোগ সম্পর্কিত বিষয়ে এটিই ট্রাম্পের প্রথম জবাব। খবর বিবিসির
রোববার রাতে নিজের ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হোয়াইট হাউসের দায়িত্বে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
আগে থেকেই নানা মন্তব্যের জন্য আলোচিত সমালোচিত ট্রাম্প এবার বিপাকে পড়েন যখন সেনেটরদের সঙ্গে এক বৈঠকে করা তার একটি মন্তব্যকে নিয়ে।
সেখানে তিনি বলেন, "এসব 'শিটহোল' দেশের লোকজন সবাই কেন আমাদের দেশে আসছে?"
প্রেসিডেন্ট ট্রাম্প নাকি হোয়াইট হাউসে রিপাবলিকান ও ডেমোক্রেট দলীয় সিনেটরদের সঙ্গে এক বৈঠকে এভাবেই হাইতি ও এল সালভাদরসহ আফ্রিকার দেশগুলোকে বর্ণনা করেছেন।
এরপরই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় বিশ্বজুড়ে। ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন ট্রাম্পকে বর্ণবাদী ভাষা প্রয়োগের দায়ে অভিযুক্ত করেন। তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে রিপাবলিকানদের তরফ থেকে।