Sylhet Today 24 PRINT

এক পতাকা তলে আসার ঘোষণা দুই কোরিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ১৭ জানুয়ারী, ২০১৮

আগামী মাসে সিউলে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে বিশ্বের দুই বৈরী রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়া এক পতাকা তলে আসছে।

শীতকালীন অলিম্পিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা এক পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করবে বলে দুই দেশের কর্মকর্তা ঐক্যমত্যে পৌঁছেছেন বলে ঘোষণা দিয়েছে উভয় কোরিয়া।

যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে বিরল বৈঠকের পর উত্তর ও দক্ষিণের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার নারী খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ আইস হকি দল গঠনেও রাজি হয়েছে তারা।

এই প্রথমবারের মতো দুই বছরের বেশি সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৈঠক করলেন। দক্ষিণ কোরিয়ার পিওয়চ্যাংয়ে আগামী ৯ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের শীতকালীন অলিম্পিক গেম অনুষ্ঠিত হবে।

তবে দক্ষিণ কোরিয়ার হকি দলের কোচ ও রক্ষণশীল গণমাধ্যমগুলো যৌথ হকি টিম গঠনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এর ফলে দক্ষিণ কোরিয়ার পদক জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।

এদিকে, দুই কোরিয়ার খেলোয়াড়দের সমন্বয়ে হকি টিম গঠন বাতিলের আহ্বান জানিয়ে দক্ষিণের লাখ লাখ মানুষ দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনের কাছে দাবি জানিয়েছে। তারা এজন্য অনলাইনে স্বাক্ষর অভিযান শুরু করেছে।

তবে উত্তর ও দক্ষিণের মাঝে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ গলাকে সন্দেহের চোখে দেখছে। টোকিও বলছে, পিয়ংইয়ংয়ের আক্রমণাত্মক অবস্থানের নমনীয়তায় বিশ্বের অন্ধ হওয়া উচিত হবে না। সূত্র : বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.