সিলেটটুডে ডেস্ক | ২৮ জানুয়ারী, ২০১৮
মেক্সিকোতে বাড়িতে বসে ফুটবল ম্যাচ দেখার সময় সাত ফুটবল সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) মেক্সিকোর মন্টেরিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রসিকিউটর অফিসের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, হঠাৎ করে চার বন্দুকধারী শহরের একটি বাড়িতে প্রবেশ করে ফুটবল ম্যাচ দেখায় মগ্ন আনুমানিক বিশ দর্শককে ভয় দেখাতে থাকে। এ সময় তারা গুলিবর্ষণ শুরু করলে অনেকেই আত্মরক্ষার্থে টয়লেটে গিয়ে আশ্রয় নেন।
সাম্প্রতিক বছরগুলোতে মন্টেরি শহরটি মাদক সংক্রান্ত সহিংসতায় আক্রান্ত হয়ে পড়েছে। সহিংসতা বেড়ে যাওয়ায় ২০০৬ সালে সরকার শহরটিতে একটি বিতর্কিত মাদক বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছিল। তখন সেটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।
দেশটিতে গত দুই দশকের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। গতবছর দেশটিতে ২৫ হাজারেরও বেশি লোক হত্যাকাণ্ডের শিকার হন।
সূত্র: দ্য গাল্ফ টুডে