Sylhet Today 24 PRINT

আগামীকাল দেখা যাবে ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’!

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৮

দীর্ঘ ১৫২ বছর পর বুধবার (৩১ জানুয়ারি) একই সঙ্গে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন। জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’। বিরল এই ইতিহাসের সাক্ষী হতে তাই দেশে দেশে উৎসুক জনতার অপেক্ষা। উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ অত্যাশ্চর্য দৃশ্য।

চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত। তবে বাংলাদেশ থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে হলে আকাশে চাঁদ ওঠা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যারাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো সম্পর্ক নেই। তাছাড়া এসময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে এ চাঁদকে বলা হচ্ছে ‘সুপার মুন’।

চন্দ্রগ্রহণের সময় একই সঙ্গে দেখা যাবে ‘ব্লাড মুন’ও। পৃথিবীর ছায়ায় অবস্থানের কারণে চাঁদ রক্তিম বা রক্তরঙা হয়ে ওঠে।

জ্যোতির্বিদরা জানাচ্ছেন, চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর ছায়ার আড়াল থেকে বের হওয়া চাঁদের উজ্জ্বলতা হবে দেখবার মতো। এসময় ৩০ শতাংশ পর্যন্ত বেশি আলো ছড়াতে দেখা যেতে পারে চাঁদকে।

এর আগে ১৮৬৬ সালের ৩১ মার্চ একই সঙ্গে ব্লু-মুন ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছিল বিশ্ববাসী। ১৯৮২ সালে তা দেখা গিয়েছিল আংশিকভাবে। এবছরের ১ জানুয়ারি দেখা গিয়েছিল ‘নেকড়ে চাঁদ’ নামের সুপার মুন। আমেরিকার আদিবাসীরা বছরের প্রথম সুপার মুনকে ডাকে ‘উলফ মুন’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.