Sylhet Today 24 PRINT

লন্ডনে বিশ্বনাথের মকরম হত্যায় ব্রিটিশ নাগরিকের যাবজ্জীবন

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

উত্তর লন্ডনে মুসল্লিদের ভিড়ে গাড়ি উঠিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার মকরম আলীকে হত্যায় এক ব্রিটিশ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ড্যারেন ওসবোর্ন (৪৮) নামের কার্ডিফের ওই বাসিন্দাকে ন্যূনতম ৪৩ বছর কারাগারে কাটাতে হবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) উলউইচ ক্রাউন কোর্টে এ সাজা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় একটি মসজিদের সামনে দাঁড়ানো মুসল্লিদের ভিড়ে গাড়ি উঠিয়ে দিয়ে এ হামলা চালায় অসবর্ণ। হামলায় ৫১ বছর বয়সী সিলেটের বিশ্বনাথ উপজেলার বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মকরম আলী নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ৯ জন।

আরো পড়ুন: লন্ডনে ফের গাড়ি হামলা, আহত বেশ কয়েকজন

সেই সময়ের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, অসবর্ণ হত্যাকাণ্ডের সময় মুসলিম-বিদ্বেষী ঘৃণাসূচক মন্তব্য ছুঁড়েছিলেন। হামলার পর ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই’ বলে চিৎকার দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: লন্ডনে গাড়ি হামলায় নিহত বিশ্বনাথের মোকাররমের বাড়িতে শোকের মাতম

এ ঘটনায় করা মামলায় শুক্রবার তার যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন উলউইচ ক্রাউন কোর্টের বিচারপতি। এর আগে বৃহস্পতিবার উলউইচ ক্রাউন কোর্ট তাকে হত্যা ও হত্যা প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে।

আরো পড়ুন: হামলাকারীকে প্রাণে বাঁচালেন ইমাম

প্রসঙ্গত, নিহত মকরমের পরিবার দীর্ঘদিন থেকে বসবাস করছিলেন লন্ডনে। ১২ বছর বয়সে তিনি পাড়ি জমান লন্ডনে। একটানা প্রবাস জীবন কাটিয়ে বিশ্বনাথের দৌলতপুরে বিয়ে করেন তিনি। কয়েক বছর পর স্ত্রীকেও লন্ডনে নিয়ে যান। সেখানে জন্ম হয় চার মেয়ে ও দুই ছেলের।

আরো পড়ুন: লন্ডনে মসজিদের সামনে হামলায় সন্দেহভাজন একজনের নাম প্রকাশ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রায় ঘোষণার সময় অসবর্ণকে নির্লিপ্ত দেখা যায়। পুলিশি হেফাজতে আদালত ছাড়ার সময় তিনি মন্তব্য করেন, ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, ধন্যবাদ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.