Sylhet Today 24 PRINT

নেপালে ভূমিধসে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ জুন, ২০১৫

ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় নেপালে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (১০ জুন) রাতে অবিরাম বৃষ্টির কারণে দেশটির তাপলেজুং জেলায় ছয়টি পৃথক স্থানে ভূমিধসের ঘটনাগুলো ঘটে বলে বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

ভূমিধসের কারণে আক্রান্ত এলাকাগুলোয় বেশ কয়েকটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রধান জেলা কর্মকর্তা সুরেন্দ্র ভাট্টরাই জানিয়েছেন, স্থানীয় নদী-নালায় পানি উপচে দ্রুত এর উচ্চতা বাড়ছে বলে উদ্ধার তৎপরতা ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যহত হচ্ছে।

আহতদের উদ্ধারে আক্রান্ত এলাকাগুলোয় হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তাপলেজুং ডেপুটি পুলিশ সুপার শান্তি রাজ কৈরালা জানিয়েছেন, ঘটনাস্থলের উদ্দেশে পুলিশের একটি দল রওনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.