Sylhet Today 24 PRINT

নেকাব নিষিদ্ধে ডেনমার্কের পার্লামেন্টে বিল

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

মুসলিম নারীদের নেকাব নিষিদ্ধ করার জন্য ডেনমার্কের পার্লামেন্টে বিল উত্থাপন করতে যাচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ড্যানিশ মন্ত্রীসভায় অনুমোদিত এ সংক্রান্ত বিলে বলা হয়েছে, কোনো নারী জনসমক্ষে বোরকা ও নেকাবের মতো মুখমণ্ডল আবৃত করে রাখা পোশাক পরতে পারবেন না।

ড্যানিশ আইন ও বিচারমন্ত্রী সোরেন পুলসেন দাবি করেছেন, জনসমক্ষে মুখমণ্ডল ঢেকে চলাফেরা করা ড্যানিশ সমাজে প্রচলিত মূল্যবোধের পরিপন্থী। আগামী মাসে প্রস্তাবটি ডেনমার্কের পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানা গেছে।

প্রস্তাবটি পার্লামেন্টে পাস হওয়ার মাধ্যমে আইনে পরিণত হলে তা লঙ্ঘনকারীকে ১৬৬ ডলার জরিমানা দিতে হবে।

২০১১ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স নিরাপত্তার কারণ দেখিয়ে জনসমক্ষে নেকাব নিষিদ্ধ করে। বেলজিয়ামে একই ধরনের যে আইন রয়েছে ২০১৭ সালে তাকে বৈধতা দেয় ইউরোপের মানবাধিকার আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.