Sylhet Today 24 PRINT

মেলবোর্নে বাংলাদেশি নারী শিক্ষার্থী আটক

অন্তর্জাতিক ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পড়তে যাওয়ার ৯দিনের মাথায় এক ব্যাক্তিকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করার অভিযোগে এক নারী শিক্ষার্থীকে আটক করেছে মেলবোর্ন পুলিশ।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম মোমেনা সোমা বলে জানিয়েছে অন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তিনি স্থানীয় লাট্রোব বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন বলেও জানায় সূত্র। ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে অভিযোগ করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উত্তর মেলবোর্নের মিল পার্কের এক বাড়িতে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম রজার বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। ঘটনাস্থলে দ্রুত জরুরি সেবা কার্যক্রমের কর্মী ও পুলিশ সদস্যরা পৌঁছার পর ওই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়। ২৪ বছর বয়সী মোমেনা ১ ফেব্রুয়ারি শিক্ষার্থী ভিসায় মেলবোর্নে এসেছিলেন। প্রথমে তিনি মেলবোর্নে বান্দুরা এলাকার একটি বাসায় ওঠেন। দুই দিন আগে বর্তমান বাসায় ওঠেন। আহত ব্যক্তির পাঁচ বছর বয়সী মেয়ে এ ঘটনার সাক্ষী বলে পুলিশ জানায়।



এ ঘটনার পর একটি সংবাদ সম্মেলন করেন ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ইয়ান ম্যাককার্টনি। তিনি জানান, আহত ব্যক্তি মারাত্মকভাবে জখম হলেও তিনি এখন আশঙ্কামুক্ত। এটি সন্ত্রাসী হামলা হামলা বলে ধারণা করা হচ্ছে। মোমেনার বিরুদ্ধে মামলার পর তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এ ঘটনা অভ্যন্তরীণ সংঘাত কি না, সেটা আরও খতিয়ে দেখতে অনুরোধ করেছেন স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.